দুধ একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য হলেও অনেকেই এটি সহজে হজম করতে পারেন না। তাই কেউ গরম দুধ, আবার কেউ ঠান্ডা দুধ খেতে পছন্দ করেন। কিন্তু কোন ধরনের দুধ শরীরের জন্য বেশি উপকারী, তা নির্ভর করে আপনি দুধ কেন খাচ্ছেন তার ওপর।
পুষ্টিবিদদের মতে, যাদের অনিদ্রার সমস্যা আছে, তাদের জন্য গরম দুধ বেশি উপকারী। কারণ গরম দুধে অ্যামাইনো অ্যাসিড বেশি সক্রিয় থাকে, যা মস্তিষ্কে সেরোটোনিনের নিঃসরণ বাড়িয়ে দ্রুত ঘুম আনতে সাহায্য করে। একইভাবে, সর্দি, কাশি, জ্বর বা পিরিয়ডের সময়ও গরম দুধ শরীরে আরাম দেয় এবং উপশমে সহায়ক হয়।
তবে ঠান্ডা দুধেরও রয়েছে ভিন্ন রকমের উপকারিতা। যাদের বদহজম বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তাদের জন্য ঠান্ডা দুধ অনেকটা প্রাকৃতিক অ্যান্টাসিডের মতো কাজ করে। এছাড়া কোষ্ঠকাঠিন্য থাকলে ঠান্ডা দুধে ইসবগুল মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
ওজন কমাতে চাইলে ঠান্ডা দুধ হতে পারে ভালো সহায়ক। কারণ এতে বিপাকক্রিয়া সক্রিয় থাকে এবং ক্যালরি বার্নে সহায়তা করে। তাছাড়া ঠান্ডা দুধে থাকে প্রচুর ইলেকট্রোলাইট, যা ত্বক সুস্থ রাখতে সহায়তা করে। বিশেষ করে গরমের দিনে গরম দুধ এড়িয়ে ঠান্ডা দুধ খাওয়াকে ডায়েটে যুক্ত করা যেতে পারে।
সুতরাং, গরম বা ঠান্ডা—দুধের উপকারিতা নির্ভর করে আপনার শারীরিক চাহিদা ও পরিস্থিতির ওপর। সঠিক প্রয়োগে উভয় ধরনের দুধই শরীরের জন্য উপকারী।



