যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেতে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য বিশেষ কর্মসূচি ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই তথ্য প্রকাশ করেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
ট্রাম্প বলেন, “যোগ্য ও যাচাইকৃত আগ্রহীদের জন্য এটি দারুণ খবর। ট্রাম্প গোল্ড ভিসা মার্কিন নাগরিকত্ব পাওয়ার সরাসরি একটি পথ হিসেবে কাজ করবে। একই সঙ্গে আমাদের কোম্পানিগুলো তাদের মেধাবী কর্মীদের দেশেই ধরে রাখতে পারবে।”
ভিসা পেতে আবেদনকারীদের TrumpCard.gov ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের সময় ফি হিসেবে দিতে হবে ১৫ হাজার ডলার, আর আবেদন যাচাইয়ের পর ভিসার জন্য ১০ লাখ ডলার চাঁদা দিতে হবে। ভিসাটি গ্রিন কার্ডের সমতুল্য মর্যাদা বহন করবে, ফলে এটি পাওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার বৈধ সুযোগ মিলবে।
বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, প্রাক-নিবন্ধন পর্যায়ে ইতোমধ্যে প্রায় ১০ হাজার আবেদন জমা পড়েছে। প্রশাসন আশা করছে, সময়ের সঙ্গে আরও হাজার হাজার আবেদন আসবে, যা মার্কিন কোষাগারে কোটি কোটি ডলার রাজস্ব যোগ করবে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প গোল্ড ভিসা চালুর লক্ষ্য হলো অভিবাসন ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ বাড়ানো এবং একই সঙ্গে অর্থনৈতিক সুবিধা অর্জন করা। এর আগে ট্রাম্প প্রশাসন সারা দেশে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান পরিচালনা করে হাজার হাজার নথিবিহীন ব্যক্তিকে ফেরত পাঠিয়েছে।
সূত্র: রয়টার্স



