বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিত্ব ইলন মাস্ক এবার ইতিহাস গড়লেন বেতনের অঙ্কে। টেক জায়ান্ট টেসলার শেয়ারহোল্ডাররা তার জন্য এক ট্রিলিয়ন মার্কিন ডলারের বিশাল বেতন প্যাকেজ অনুমোদন করেছে। শুক্রবার (৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়, মাস্কের এই বিশাল পারিশ্রমিক প্রস্তাবটি শেয়ারহোল্ডারদের ৭৫ শতাংশেরও বেশি সমর্থনে অনুমোদিত হয়। ভোটের ফলাফল ঘোষণার পর টেক্সাসের অস্টিনে টেসলার কারখানায় আয়োজিত বার্ষিক সভার মঞ্চে উচ্ছ্বাসে ফেটে পড়েন মাস্ক।
যদিও এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন অনেক বিনিয়োগকারী ও বিশ্লেষক, তবু অনুমোদন প্রমাণ করে যে টেসলার শেয়ারহোল্ডাররা এখনও মাস্কের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রাখছেন। তারা বিশ্বাস করেন, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর নতুন প্রযুক্তির যুগে মাস্ক টেসলাকে আরও উচ্চতায় নিয়ে যাবেন।
দ্য গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত টেসলার বার্ষিক শেয়ারহোল্ডার সভায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়, যেখানে মাস্কের নেতৃত্বে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মনোভাব ফুটে ওঠে।



