সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দলের দুর্দান্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ৮৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সোহানরা। অধিনায়ক নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে গড়া ২২৫ রানের অনবদ্য জুটিই ছিল জয়ের ভিত। এই জয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন সেঞ্চুরিয়ান অধিনায়ক সোহান।
বাংলাদেশ ‘এ’ দল টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। ইনিংসের শুরুটা অবশ্য সুখকর ছিল না। ১২ রানেই ভাঙে উদ্বোধনী জুটি। ওপেনার পারভেজ হোসেন ইমন আবারও ব্যর্থ হন। তিনে নামা এনামুল হক বিজয় থিতু হলেও ৩৯ রানের বেশি করতে পারেননি। ওপেনার নাঈম শেখও থিতু হয়ে ৪০ রান করে ফেরেন। ১০০ রানের আগেই টপ অর্ডার ব্যর্থ হলে চাপে পড়ে বাংলাদেশ।
তবে এরপর ব্যাট হাতে দৃঢ়তা দেখান সোহান ও অঙ্কন। তারা গড়েন ২২৫ রানের জুটি, যা দলের স্কোরকে তিনশ ছাড়িয়ে নিয়ে যায়। ৩২২ রানে ফেরেন সোহান (১১২) এবং মাহিদুল থামেন ৩৪৩ রানে (১০৫)। বিশাল রানের লক্ষ্য তাড়ায় নেমে কিউই ব্যাটাররা কোনোভাবেই লড়াইয়ে ফিরতে পারেনি।
নিউজিল্যান্ড ‘এ’ দল ৪৩.১ ওভারে ২৫৭ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের বোলারদের মধ্যে মোসাদ্দেক হোসেন সৈকত নেন ৩ উইকেট, তাকে সহায়তা করেন শরীফুল ইসলাম, তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা। ব্যাটিং ও বোলিংয়ের সম্মিলিত নৈপুণ্যে বাংলাদেশ ‘এ’ দল সিরিজ জয় নিশ্চিত করে নেয়।



