ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হঠাৎ ছন্দপতনের পর আবারও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে শুক্রবার (১ আগস্ট) স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দলটি।
টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে যুবা টাইগারদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি। মাত্র ২২.৩ ওভারে ৮৯ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক দল। ওপেনার নাথানিয়েল হ্লাবানগানা করেন সর্বোচ্চ ২৬ রান, আর ব্রান্ডন এনদিওয়েনির ব্যাট থেকে আসে ২০ রান। এই দুই ব্যাটার ছাড়া কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ইকবাল হোসেন ইমন। তিনি মাত্র ২৭ রানে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম তুলে নেন ২টি করে উইকেট।
মাত্র ৯০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারে রিফাত বেগ এবং পরে ১৬ বলে ২০ রান করে কালাম সিদ্দিকী ফিরে গেলেও ওপেনার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম একপ্রান্ত ধরে রেখে ইনিংস এগিয়ে নেন। ৪৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। অপর প্রান্তে রিজান হোসেন অপরাজিত থাকেন ২৬ বলে ২১ রানে।
জিম্বাবুয়ের পক্ষে একমাত্র সফল বোলার ছিলেন শেল্টন মাজভিতোরেরা, যিনি ২৯ রানে ২ উইকেট নেন।
এই জয়ের ফলে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট, সমান পয়েন্ট রয়েছে দক্ষিণ আফ্রিকারও। অন্যদিকে জিম্বাবুয়ে চার ম্যাচে কোনো জয় না পাওয়ায় তাদের ফাইনালের সম্ভাবনা শেষ হয়ে গেছে। ফাইনালের আগে আরও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ—৬ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ৮ আগস্ট আবারও জিম্বাবুয়ের মুখোমুখি হবে। এরপর ১০ আগস্ট ফাইনালে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে যুবারা।



