জাহানারার অভিযোগের ইস্যুতে অবশেষে মুখ খুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ক্রিকেটে চলমান বিতর্ক নিয়ে বিসিবির পরিচালক আসিফ আহমেদ জানান, “অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলা নিজেই এক ধরনের অপরাধ।” তিনি আরও বলেন, বিসিবি ইতোমধ্যে ১৫ দিনের সময় নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে, তাই সবাইকে উচিত সেই তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা। তদন্ত শেষে যদি কিছু প্রমাণিত হয়, তখনই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও মর্যাদা প্রসঙ্গে আসিফ আহমেদ বলেন, “আমরা বিশ্বাস করি, নারী ক্রিকেটে বাংলাদেশ আজ যে উচ্চতায় পৌঁছেছে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে হলে এসব অপ্রয়োজনীয় বিতর্ক ও সমস্যা দূর করতে হবে।” তিনি যোগ করেন, বোর্ডে নতুন দায়িত্ব পাওয়ার পর এখন তাদের মূল লক্ষ্য হলো অতীতের বিতর্ক কাটিয়ে নারী ক্রিকেটের ইতিবাচক পরিবেশ পুনরুদ্ধার করা।



