বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে হ্যাভিয়ের ক্যাবরেরাই দায়িত্বে থাকছেন—এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের জন্য আলাদা করে দেশীয় একজন কোচ নিয়োগ দেওয়া হবে। সেই দলে প্রবাসী ফুটবলারদের নিয়ে হওয়া সাম্প্রতিক ট্রায়াল থেকে ৬ থেকে ৭ জন খেলোয়াড় ডাক পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১২ জুলাই) রাজধানীর জলসিঁড়িতে অনুষ্ঠিত বাফুফের কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিঙ্গাপুর ম্যাচে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে কোচ ক্যাবরেরার কাছে জবাবদিহিতা চাওয়া হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং উন্নত করতে তিন বছর মেয়াদি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়ার কথাও জানানো হয়েছে।
এ ছাড়া ফেডারেশন জানিয়েছে, আগামী সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের একটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে পারে এবং এর জন্য এশিয়ার বাইরের একটি দল থেকে খেলার প্রস্তাবও পাওয়া গেছে।



