মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ছুটিতে এসে আটকে পড়েছেন অনেক বাংলাদেশি প্রবাসী কর্মী। এদের মধ্যে অনেকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হওয়ার পথে। এতে করে দুশ্চিন্তায় পড়েছেন তারা। এমন পরিস্থিতিতে প্রবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
শনিবার (১৪ মার্চ) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরান ও ইসরায়েল–এর যুদ্ধ পরিস্থিতির কারণে যারা বাংলাদেশে ছুটিতে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না—তাদের জন্য সংশ্লিষ্ট দেশগুলো কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য তাদের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করে অনলাইনে আবেদন করতে হবে।
এছাড়া কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হওয়ার পথে, সেসব ভিসার মেয়াদ এক মাস পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে করে দেশে আটকে পড়া অনেক প্রবাসী কর্মীর দুশ্চিন্তা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।



