ক্রিকেট মাঠে ছক্কা মারার আনন্দ যে এমন হৃদয়বিদারক পরিণতি ডেকে আনবে, তা কেউ কল্পনাও করেনি। ভারতের পাঞ্জাবের ফিরোজপুরে স্থানীয় একটি ক্রিকেট ম্যাচে ছক্কা হাঁকানোর পরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন হরজিত সিং নামের এক ব্যাটার। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের মৃত্যু ক্রিকেটপ্রেমীদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হরজিত সিং ব্যাট হাতে প্রস্তুত ছিলেন। বোলারের একটি বল তুলে মারেন বাউন্ডারির ওপারে—একটি নিখুঁত ছক্কা। কিন্তু সেই ছক্কার পরেই ঘটে বিপর্যয়। পিচের মাঝামাঝি এসে হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়েন তিনি, এরপর অচেতন হয়ে মাঠেই লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে সতীর্থ ও প্রতিপক্ষ খেলোয়াড়রা ছুটে এসে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত মাঠেই মৃত্যু হয় হরজিতের। স্থানীয় ডিএভি স্কুল মাঠে আয়োজিত এই ম্যাচে হরজিত ছিলেন পরিচিত এক মুখ, যিনি এলাকার ক্রীড়াঙ্গনে সক্রিয় ছিলেন।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও ২০২৪ সালের জুন মাসে মুম্বাইয়ের কাশিমিরা এলাকায় রাম গণেশ তেওয়ার নামে ৪২ বছর বয়সী আরেক ক্রিকেটার ছক্কা মারার ঠিক পরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
হঠাৎ হৃদরোগে মৃত্যুর সংখ্যা বিশেষ করে তরুণ ও মধ্যবয়সীদের মধ্যে আশঙ্কাজনকভাবে বাড়ছে। চিকিৎসকরা বলছেন, ২০ থেকে ৩০ বছর বয়সীদের মাঝেও এখন উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও স্ট্রেসজনিত সমস্যা বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত ব্যায়াম ও সঠিক জীবনধারা অনুসরণ না করলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।
খেলাধুলা নিঃসন্দেহে আনন্দের মাধ্যম, তবে শরীরের সংকেতকে অবহেলা করলে পরিণতি হতে পারে ভয়াবহ। হরজিত সিংয়ের মৃত্যু শুধুই একটি ব্যক্তিগত শোক নয়, এটি সকলের জন্য এক কঠিন সতর্কবার্তা—স্বাস্থ্যসচেতনতা ছাড়া আনন্দের মুহূর্তও হয়ে উঠতে পারে জীবনের শেষ অধ্যায়।



