আমাদের অনেকের দিনের শুরু হয় এক কাপ চা দিয়ে। তবে চায়ের সঙ্গে কিছু খাবার খাওয়ার অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। মুখের স্বাদ বাড়লেও এসব খাবার হজমের সমস্যা, গ্যাস্ট্রিক ও অম্বলের ঝুঁকি তৈরি করে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চায়ের সঙ্গে কয়েক ধরনের খাবার একদমই মানায় না।
আয়রনসমৃদ্ধ খাবার
পালংশাক, ডাল, বাদাম বা শস্য জাতীয় খাবারের সঙ্গে চা খাওয়া ঠিক নয়। কারণ চায়ে থাকা ট্যানিন ও অক্সালেট শরীরে আয়রন শোষণে বাধা দেয়। এতে দীর্ঘমেয়াদে আয়রনের ঘাটতি, রক্তস্বল্পতা ও দুর্বলতা দেখা দিতে পারে।
লেবু
অনেকে ওজন কমাতে খালি পেটে লেবু চা খেয়ে থাকেন। কিন্তু এতে অ্যাসিড রিফ্লাক্স, বুক জ্বালা ও পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে। লেবুর অম্লীয় উপাদান চায়ের সঙ্গে মিশে এ ধরনের ঝুঁকি বাড়ায়।
ভাজাপোড়া খাবার
সিঙ্গারা, পুরি, চপ— এসব ভাজাপোড়া খাবার চায়ের সঙ্গে মজার মনে হলেও তা হজমে সমস্যা, পেট ভার ও দীর্ঘমেয়াদে শরীর দুর্বলতার কারণ হতে পারে।
হলুদযুক্ত খাবার
চায়ের সঙ্গে হলুদযুক্ত খাবার খেলে অনেকের গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। চা ও হলুদ একে অপরের সঙ্গে ভালোভাবে মানায় না বলেই এমনটা ঘটে।
ফ্রিজের ঠান্ডা খাবার
গরম চায়ের সঙ্গে ঠান্ডা খাবার একদম খাওয়া উচিত নয়। এতে হজমের সমস্যা, বমি বমি ভাব এমনকি বমিও হতে পারে। চা খাওয়ার অন্তত ৩০ মিনিট পর ঠান্ডা খাবার খাওয়াই ভালো।
সংক্ষেপে মনে রাখুন
চায়ের সঙ্গে না খাওয়াই ভালো—
আয়রনসমৃদ্ধ খাবার
লেবু বা লেবু চা (বিশেষ করে খালি পেটে)
ভাজাপোড়া খাবার
হলুদযুক্ত খাবার
ফ্রিজের ঠান্ডা খাবার
চা খান, তবে শরীরের খেয়ালও রাখুন। সামান্য সচেতনতা আপনাকে গ্যাস্ট্রিক, অম্বল ও হজমের ঝামেলা থেকে দূরে রাখবে।



