
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের উত্তর খুলসিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও আনন্দঘন সময় কাটানোর এক মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় কিছু তরুণের প্রতিষ্ঠিত শিক্ষা উদ্যোগ চারুলতা বিদ্যাপীঠ এ এই আয়োজনের মাধ্যমে শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ১৮৭ জন শিশুর হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয় এবং তাদের সঙ্গে বিকেলজুড়ে সময় কাটানো হয়। পাশাপাশি চারুলতার বাইরে আরও ১২ জন অসহায় মানুষের মাঝেও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছে সামাজিক সংগঠন দৃষ্টি ফাউন্ডেশন বাংলাদেশ –এর সদস্যরা। আয়োজন সফল করতে যুক্তরাষ্ট্রপ্রবাসী তাহিদ খান ও জুনায়েদ কৌশিক–এর পাশাপাশি রাশেদুল আমিন, জুয়েল, নিপা এবং ইমতিয়াজ সহ আরও অনেকেই সহায়তা প্রদান করেন।
জানা যায়, উত্তর খুলসির কিছু উদ্যমী তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত চারুলতা বিদ্যাপীঠ মূলত সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শিশুদের জন্য একটি বিকল্প শিক্ষাকেন্দ্র। এখানে শিশুদের প্রাথমিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তাদের বিকাশের সুযোগ করে দেওয়া হয়।
সামাজিক কর্মীরা মনে করেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতায় এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হলে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ বাড়বে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
