ওপেনএআই তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে নতুন সুবিধা ‘গ্রুপ চ্যাট’ চালু করেছে। এই ফিচারের মাধ্যমে বন্ধু, পরিবার বা সহকর্মীদের সঙ্গে একসঙ্গে পরিকল্পনা করা, ভ্রমণসূচি তৈরি বা কোনো খসড়া প্রস্তুতকরণসহ বিভিন্ন কাজে দলগতভাবে চ্যাটজিপিটির সহায়তা নেওয়া যাবে। একটি গ্রুপ চ্যাটে সর্বোচ্চ ২০ জন সদস্য যোগ দিতে পারবেন। বৈশ্বিকভাবে সব লগইন করা ব্যবহারকারীর জন্য সুবিধাটি এখন উন্মুক্ত হয়েছে।
চ্যাটজিপিটিতে গ্রুপ চ্যাট তৈরি করতে অ্যাপের উপরের ডান কোণে থাকা ‘পিপল’ আইকনে চাপ দিতে হবে। এরপর বর্তমান চ্যাটটি কপি হয়ে নতুন গ্রুপ চ্যাট তৈরি হবে এবং একটি ইনভাইট লিংক শেয়ার করে অন্যদের যুক্ত করা যাবে। আমন্ত্রিত সদস্যরাও চাইলে লিংকটি আরও শেয়ার করতে পারবেন। প্রথমবার গ্রুপ চ্যাট তৈরি বা যোগ দিতে হলে ব্যবহারকারীকে নাম, ইউজারনেম ও প্রোফাইল ছবি সেট করতে বলা হবে, যাতে সদস্যদের পরিচয় সহজে বোঝা যায়।
চ্যাটজিপিটি কখন কথা বলবে— সে সিদ্ধান্ত নেবে কথোপকথনের প্রবাহ বুঝে। প্রয়োজনমতো চুপ থাকবে এবং প্রয়োজন হলে উত্তর দেবে। আবার ব্যবহারকারীরা “ChatGPT” মেনশন করলে সঙ্গে সঙ্গে বট সাড়া দেবে। গ্রুপ চ্যাটে ইমোজি রিয়্যাকশন থেকে শুরু করে প্রোফাইল ছবি ব্যবহার করে ব্যক্তিগতকৃত ছবি তৈরির সুবিধাও থাকবে।
গ্রুপ চ্যাটের সেটিংস ব্যবস্থাপনাও সহজ। স্ক্রিনের উপরের ডান কোণের গ্রুপ চ্যাট আইকনে চাপ দিয়ে সদস্য যুক্ত বা বাদ দেওয়া, নোটিফিকেশন মিউট করা এবং চ্যাটজিপিটির জন্য কাস্টম নির্দেশনা সেট করার অপশন পাওয়া যাবে। ওপেনএআই জানিয়েছে, ব্যক্তিগত চ্যাটের স্মৃতি (মেমোরি) গ্রুপ চ্যাটে কার্যকর হবে না এবং গ্রুপের কথোপকথন থেকেও চ্যাটজিপিটি নতুন কোনো মেমোরি তৈরি করবে না।
এই গ্রুপ চ্যাট ফিচারে চ্যাটজিপিটি GPT-5.1 Auto মডেল ব্যবহার করছে, যা ব্যবহারকারীর প্রম্পট অনুযায়ী সবচেয়ে উপযুক্ত রেসপন্স নির্বাচন করে। রেট লিমিট কেবল তখনই প্রযোজ্য হবে যখন চ্যাটজিপিটি নিজেই কোনো বার্তা পাঠাবে।



