গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপে অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের রেসার অভিক আনোয়ার। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই রোমাঞ্চকর রেসে তিনি সফলভাবে সম্পন্ন করেন ৪৭টি ল্যাপ, যার মোট দূরত্ব ছিল প্রায় ৩০০ কিলোমিটার। চলতি বছর রেসিং ট্র্যাকে দুর্ঘটনার শিকার হওয়ার পরও দৃঢ় মনোবল ও দক্ষতার পরিচয় দিয়ে এই গুরুত্বপূর্ণ অর্জন নিজের করে নেন তিনি।
বাংলাদেশের পাশাপাশি রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য, ভারত, জর্ডান ও মিশরের অভিজ্ঞ রেসাররা এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন। উল্লেখযোগ্য বিষয় হলো, যেখানে অধিকাংশ প্রতিযোগীর গাড়িতে ডাবল রেসারের টিম ছিল, সেখানে অভিক আনোয়ার একাই পুরো রেস সম্পন্ন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। তার এই সাফল্য আন্তর্জাতিক মোটরস্পোর্টসে বাংলাদেশের জন্য গর্বের এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে।



