ভারতীয় পেসার আকাশ দীপ মাঠে দুর্দান্ত ফর্মে থাকলেও এবার খবরের শিরোনামে এসেছেন ক্রিকেট নয়, বরং নতুন গাড়ি কেনার ঘটনায়। সদ্য কেনা বিলাসবহুল কালো রঙের টয়োটা ফর্চুনার ব্যবহারের দায়ে ভারতের উত্তর প্রদেশের পরিবহন বিভাগ তার বিরুদ্ধে নোটিশ জারি করেছে। অভিযোগ—তিনি হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (HSRP) ছাড়াই গাড়িটি রাস্তায় চালিয়েছেন।
ইংল্যান্ডে টেস্ট সিরিজ শেষ করেই লখনৌ থেকে গাড়িটি কেনেন আকাশ দীপ। ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে গাড়ির ছবি পোস্ট করে লিখেছিলেন—“Dream delivered. Keys received. With the ones who matter most”। কিন্তু আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। পরিবহন বিভাগের তদন্তে জানা যায়, গাড়ির রেজিস্ট্রেশন, রোড ট্যাক্স এবং HSRP লাগানো—কোনোটিই সম্পন্ন হয়নি।
এ ঘটনায় শুধু আকাশ দীপ নন, গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান সানি মোটর্স–কেও এক মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ, ৭ আগস্ট গাড়ির ইনভয়েস ও ৮ আগস্ট ইন্স্যুরেন্স সম্পন্ন হলেও রেজিস্ট্রেশন ছাড়াই গাড়ি হস্তান্তর করা হয়। ডিলারকে ১৪ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, নইলে ট্রেড সার্টিফিকেট বাতিল হবে।
আকাশ দীপকে মোটর ভেহিকলস অ্যাক্ট ১৯৮৮–এর ৩৯, ৪১(৬) ও ২০৭ ধারায় নোটিশ দিয়ে গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে যতক্ষণ না রেজিস্ট্রেশন, HSRP এবং তৃতীয় রেজিস্ট্রেশন মার্ক সংযোজন সম্পন্ন হয়। নির্দেশ অমান্য করলে গাড়ি জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরিবহন বিভাগের মতে, সেলিব্রিটি বা জনমান্য ব্যক্তিদের আইন ভঙ্গ সমাজে ভুল বার্তা দেয়। তাই দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। তবে মাঠে আকাশ দীপের সাম্প্রতিক পারফরম্যান্স ভক্তদের গর্বিত করেছে—ইংল্যান্ডে তিন টেস্টে ১৩ উইকেট এবং ওভালে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকিয়ে নজর কাড়েন তিনি। কিন্তু নতুন ফর্চুনারের এই ‘ঝামেলা’ সাময়িকভাবে তার আনন্দে ছায়া ফেলেছে।



