জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ পরিণতির সাক্ষী হতে চলেছে বিশ্ব। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা বিশ্বের প্রথম দেশ হিসেবে তার ভূখণ্ডে থাকা সব হিমবাহ হারাতে বসেছে। দেশটির সর্বশেষ অবশিষ্ট হিমবাহ ‘হামবোল্ট’ (যা ‘লা করোনা’ নামেও পরিচিত) এতটাই সংকুচিত হয়ে পড়েছে যে, বিজ্ঞানীরা এটিকে আর হিমবাহের মর্যাদা দিতে পারছেন না।
ইন্টারন্যাশনাল ক্রায়োস্ফিয়ার ক্লাইমেট ইনিশিয়েটিভ (আইসিসিআই)-এর তথ্যমতে, আন্দিজ পর্বতমালার এই হিমবাহটি বর্তমানে দুই হেক্টরেরও নিচে নেমে এসেছে। একসময় এর আয়তন ছিল প্রায় ৪৫০ হেক্টর। হিমবাহটি নিজের ওজনে প্রবাহিত হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলায় গবেষকরা এখন এটিকে কেবল একটি ‘আইস ফিল্ড’ বা বরফ ক্ষেত্র হিসেবে গণ্য করছেন। গত এক শতাব্দীতে ভেনেজুয়েলা একে একে তার ছয়টি হিমবাহ হারিয়েছে, যার সর্বশেষটি এখন বিলুপ্তির পথে।
বিশেষজ্ঞরা এই পরিস্থিতির জন্য অনিয়ন্ত্রিত বৈশ্বিক উষ্ণতাকে দায়ী করছেন। হিমবাহ গলে যাওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পাহাড়ি এলাকার সুপেয় পানির উৎস হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিজ্ঞানীদের সতর্কবার্তা অনুযায়ী, কার্বন নিঃসরণ কমানো না গেলে ভেনেজুয়েলার পর ইন্দোনেশিয়া, মেক্সিকো ও স্লোভেনিয়ার মতো দেশগুলোও অচিরেই হিমবাহশূন্য হয়ে পড়বে। এমনকি এই শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের প্রায় ৮০ শতাংশ হিমবাহ চিরতরে হারিয়ে যেতে পারে।



