খুলনায় ব্যাপক সাড়া জয়ের পর এবার সারাদেশে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘দেলুপি’। শুক্রবার (১৪ নভেম্বর) থেকে দেশের ছয়টি হলে একযোগে প্রদর্শিত হচ্ছে ছবিটি। প্রথম সপ্তাহে যে সব হলে ‘দেলুপি’ দেখা যাবে সেগুলো হলো— ঢাকার বসুন্ধরা সিটি সিনেপ্লেক্স, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, রাজশাহীর রাজ তিলক সিনেমা হল ও গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স এবং বগুড়ার মম ইন মুভি থিয়েটার।
গত ৭ নভেম্বর খুলনায় ছবিটির প্রিমিয়ার হয়। এই সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক করেছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। এর আগে তিনি ২০২২ সালে ওটিটিতে জনপ্রিয়তা পাওয়া ‘শাটিকাপ’ নির্মাণ করেন এবং ২০২৪ সালে ‘সিনপাট’ নির্মাণ করে আলোচনায় আসেন।
‘দেলুপি’ ছবির অভিনয়শিল্পীরাও খুলনার স্থানীয় প্রতিভা— চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো. জাকির হোসেনসহ আরও অনেকে এতে অভিনয় করেছেন। মুক্তির পর খুলনার লিবার্টি সিনেমা হল ও জেলা শিল্পকলা একাডেমিতে দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। হল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের বাইরে অনেকদিন পর কোনো সিনেমা খুলনায় এমন জনপ্রিয়তা অর্জন করেছে। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।



