ক্রিকেট ইতিহাসে একের পর এক রেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ম্যাথু ব্রিটজকে। মাত্র চারটি ওয়ানডে খেলেই তিনি করে ফেলেছেন এমন কিছু কীর্তি, যা আগে কখনো দেখা যায়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে গড়েছেন এক অনন্য রেকর্ড। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে তিনিই প্রথম ক্রিকেটার, যিনি নিজের প্রথম চার ম্যাচ বা ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান করেছেন।
ব্রিটজকের ওয়ানডে অভিষেক হয় গত ফেব্রুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোরে। চ্যাম্পিয়নস ট্রফির আগে অনুষ্ঠিত সেই ত্রিদেশীয় সিরিজে তিনি খেলেছিলেন ঝড়ো ১৫০ রানের ইনিংস। সেই সাথেই ভেঙে দেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের রেকর্ড। ১৯৭৮ সালে অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেইন্স করেছিলেন ১৪৮ রান।
এরপর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্রিটজকে করেন ৮৩ রান, যা আবারো কেড়ে নেয় হেইন্সের আরেকটি রেকর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও তিনি করেন ৫৭ রান। সর্বশেষ ৮৮ রানের ইনিংসসহ চার ম্যাচে তার সংগ্রহ দাঁড়িয়েছে ৩৭৮ রানে—যা ইতিহাসের সর্বোচ্চ। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, যার রান ২৮০।



