স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কাজ করা কোস্ট গার্ডের বহরে দ্রুত হেলিকপ্টার সার্ভিস যুক্ত করা হবে। এর ফলে বাহিনীর সক্ষমতা অতীতের তুলনায় বহুগুণ বৃদ্ধি পাবে। তিনি মঙ্গলবার (২৮ এপ্রিল) আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে বেগম খালেদা জিয়া কোস্ট গার্ড প্রতিষ্ঠা করেন এবং আজ এই বাহিনী জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। বর্তমান সরকার কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
উপকূলীয় এলাকার পাশাপাশি অভ্যন্তরীণ নানা বিষয়েও কাজ করছে কোস্ট গার্ড। তাদের নিয়মিত টহলের কারণে সমুদ্র নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও সুন্দরবন রক্ষায় এ বাহিনী বিশেষ ভূমিকা রাখছে। গত এক বছরে সুন্দরবনে অভিযানসহ নানা কর্মসূচির কথাও তুলে ধরেন মন্ত্রী।
বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক বলেন, কোস্ট গার্ড সর্বমহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছে এবং দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে এ পর্যন্ত বাহিনীর ১৬ জন সদস্য জীবন দিয়েছেন। জনবলের ঘাটতি পূরণ হলে বাহিনীটি আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।



