বৈশ্বিক সংকটের মধ্যেও ফিলিং স্টেশনে তেলের প্রাপ্যতা সম্পর্কে সঠিক তথ্য জানতে ভোগান্তিতে পড়েন ক্রেতারা। সেই সমস্যা দূর করতে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছেন চট্টগ্রামের ফটিকছড়ির তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু। এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্মার্টফোনে এক ক্লিকেই জানা যায় কোন পাম্পে তেল আছে, কোথায় সরবরাহ চলছে এবং কোথায় তেল নেই।
উপজেলা প্রশাসনের সহায়তা ও ফটিকছড়ি ডটকমের কারিগরি সহযোগিতায় চালু হওয়া এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে হাজার হাজার মানুষ সেবা নিচ্ছেন। ফলে পাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট বা তেল না পেয়ে ফিরে যাওয়ার মতো ভোগান্তি কমেছে। বাইকার মোহাম্মদ মারুফ কালবেলাকে বলেন, “এ প্রযুক্তি জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করবে।”
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহীম জানান, এই সিস্টেমের মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন, যা ভোগান্তি কমিয়েছে। নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করেই ফটিকছড়ি উপজেলার যেকোনো পাম্পের তেলের বর্তমান অবস্থা জানা যাচ্ছে।



