তারকায় ভরপুর বসুন্ধরা কিংস খুঁজে পেয়েছে নতুন হেড কোচ। কিউবা মিচেল, তপু বর্মণ ও রাকিবদের দায়িত্ব নিতে আসছেন এক আর্জেন্টাইন কোচ। চ্যালেঞ্জ কাপ দিয়েই শুরু হবে তার বসুন্ধরা অধ্যায়। সবকিছু ঠিক থাকলে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বাংলাদেশে পা রাখবেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো—এবারই প্রথম লাতিন আমেরিকার কোনো কোচের অধীনে খেলবে বসুন্ধরা কিংস।
২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্লাবটির দায়িত্বে ছিলেন স্পেনের অস্কার ব্রুজোন, আর গত মৌসুমে ছিলেন রোমানিয়ার ভ্যালেরিও তিতা। তবে ব্রাজিলিয়ান কোচ সের্জিয়ো ফারিয়াস এক বছরের জন্য চুক্তি করেও শেষ পর্যন্ত বাংলাদেশে আসেননি। এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন সিদ্ধান্তে ক্লাবকে বিপদে ফেলায় তার বিরুদ্ধে ফিফায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে বসুন্ধরা কিংস। বিষয়টি ক্লাব সভাপতি ইমরুল হাসান নিশ্চিত করেছেন।
তবে হেড কোচ না থাকা সত্ত্বেও খেলায় কোনো নেতিবাচক প্রভাব পড়তে দেয়নি বসুন্ধরার ফুটবলাররা। সিরিয়ার শতবর্ষী ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে তারা নিশ্চিত করেছে চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে জায়গা।



