পাকিস্তান সরকার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সকল প্রকার সাক্ষাৎ নিষিদ্ধ করেছে। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। শুক্রবার দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই সিদ্ধান্তের ঘোষণা দেন এবং ইমরান খানকে ‘যুদ্ধ–উন্মাদনায় মগ্ন চরমপন্থি’ বলে মন্তব্য করেন। এর কয়েক ঘণ্টা আগেই সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরানকে ‘মানসিক রোগী’ ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেন। ওই বক্তব্যের পরই সরকারের পক্ষ থেকে হঠাৎ করে তার সঙ্গে সব ধরনের সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।
তথ্যমন্ত্রী জানান, এখন থেকে কোনো ব্যক্তি—রাজনৈতিক নেতা, আইনজীবী বা পরিবারের সদস্য—কেউই ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন না। কেউ জোর করে দেখা করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। সরকারের দাবি, কারাগারে বসে যেন কোনো ‘রাষ্ট্রবিরোধী কার্যক্রম’ পরিচালনার সুযোগ তিনি না পান।
এর দু’দিন আগে ইমরানের সঙ্গে তার বোন উজমা খান দেখা করেছিলেন। তিনি অভিযোগ করেন যে সেনাপ্রধান অসীম মুনিরের কর্মকাণ্ডে ইমরান খান ক্ষুব্ধ। উল্লেখ্য, ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি আছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার সঙ্গে বাইরের কারও যোগাযোগ না থাকায় সমালোচনা ও পিটিআইয়ের আন্দোলন বেড়ে যায়। সেই চাপের মুখেই অল্প সময়ের জন্য তার বোনকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছিল।
সূত্র: জিও টিভি



