কারাগারে পরিচয় থেকে প্রেম, আর সেই সম্পর্কের পরিণতি হিসেবে বিয়ের অনুমতি—শুনতে অবিশ্বাস্য হলেও এমন ঘটনাই ঘটছে ভারতে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দুই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ১৫ দিনের প্যারোলে মুক্তি দিয়েছেন আদালত। শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের দুটি আলোচিত হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত এক নারী ও এক পুরুষ আসামি বিয়ের উদ্দেশ্যে প্যারোলের আবেদন করেন। তাদের আবেদনের পর রাজস্থান হাইকোর্ট মানবিক বিবেচনায় ১৫ দিনের প্যারোল মঞ্জুর করেন। প্যারোল শেষে নির্ধারিত সময় অনুযায়ী তাদের আবার কারাগারে ফিরে যেতে হবে।
মুক্তিপ্রাপ্ত দুজন হলেন মডেল প্রিয়া শেঠ ওরফে নেহা শেঠ এবং তার বাগদত্তা হনুমান প্রসাদ। শুক্রবার রাজস্থানের আলওয়ার জেলার বড়োদামেভ এলাকায় তাদের বিয়ের আয়োজন রয়েছে। দুজনই বর্তমানে যাবজ্জীবন সাজা ভোগ করছেন।
প্রিয়া শেঠ ২০১৮ সালে ডেটিং অ্যাপে পরিচিত এক যুবককে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হন। বর্তমানে তিনি সাঙ্গানের ওপেন জেলে সাজা ভোগ করছেন। প্রায় ছয় মাস আগে একই জেলে হনুমান প্রসাদের সঙ্গে তার পরিচয় হয় এবং সেখান থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এনডিটিভির তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ২ মে জয়পুরে এক যুবককে ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের পরিকল্পনার অংশ হিসেবে হত্যাকাণ্ড ঘটে। পরে মরদেহ গোপন করতে নানা আলামত নষ্ট করা হয়। তদন্ত শেষে প্রিয়া শেঠসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, হনুমান প্রসাদ তার প্রেমিকার নির্দেশে প্রেমিকার স্বামী ও চার শিশুকে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত। ২০১৭ সালের ২ অক্টোবর রাতে আলওয়ারে সংঘটিত ওই ঘটনায় এক রাতে পাঁচজন নিহত হন, যা স্থানীয়ভাবে অন্যতম নৃশংস হত্যাকাণ্ড হিসেবে পরিচিত। মামলার রায়ে হনুমান প্রসাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়।
এনডিটিভি জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত সময়ের মধ্যে উভয়কেই পুনরায় কারাগারে আত্মসমর্পণ করতে হবে।



