দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো চার নৌ সদস্যের স্মৃতি ধরে রাখতে তাঁদের নামে বাংলাদেশ কোস্ট গার্ডের চারটি জাহাজের নতুন নামকরণ করা হয়েছে। বিভিন্ন অভিযান, জলদস্যু দমন এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো এসব সদস্যের অবদান স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নতুন নামকরণ করা চার নৌ সদস্য হলেন ফিরোজ কবির, নুরুল ইসলাম, এম হুমায়ুন কবির ও আশরাফ সিদ্দিকী। তাঁরা সবাই কোস্ট গার্ডে দায়িত্ব পালনকালে বিভিন্ন অভিযানে প্রাণ হারিয়েছেন।
ফিরোজ কবির ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার এবং ‘শহীদ ফরিদ’ নামের একটি জাহাজের অধিনায়ক। সুন্দরবনে দায়িত্ব পালনের সময় কালবৈশাখীর কবলে পড়ে তাঁর জাহাজটি ভয়াবহ দুর্যোগের মুখে পড়ে। এ সময় জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে গিয়ে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, নুরুল ইসলাম নামের এক নাবিক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় আকস্মিক হামলায় নিহত হন। এম হুমায়ুন কবির ২০০৬ সালে সুন্দরবনে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে প্রাণ হারান। অন্যদিকে, আশরাফ সিদ্দিকীও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় মৃত্যুবরণ করেন।
এর আগে জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্ট গার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করে সরকার। একই সঙ্গে ‘জয় বাংলা’ নামের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। সব মিলিয়ে পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’ এবং ‘বিসিজিএস মনসুর আলী’-এর নতুন নাম হয়েছে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’। এ ছাড়া ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নতুন নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ এবং ‘বিসিজিএস জয় বাংলা’-এর পরিবর্তিত নাম ‘বিসিজিএস অদম্য বাংলা’।



