নেপালে চলমান সরকারবিরোধী বিক্ষোভের কারণে হোটেলে অবরুদ্ধ হয়ে পড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। পরিস্থিতির কারণে স্বাগতিক নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে দলের নির্ধারিত অনুশীলন সেশনও স্থগিত করা হয়েছে।
শনিবার প্রথম প্রীতি ম্যাচ শেষে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। তবে ম্যাচের আগের দিন সোমবার প্রি-ম্যাচ সংবাদ সম্মেলন করতে হয়েছে টিম হোটেলেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে জানায়, “নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বিকেল ৩টায় দশরথ স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল। কিন্তু অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি পরে জানানো হবে।”
বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, “বিকেল তিনটায় দলের অনুশীলনের সময় ঠিক করা হয়েছিল। খেলোয়াড়রা অনুশীলনের প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু হোটেল লবিতে আসার পর জানানো হয়, শিক্ষার্থীরা স্টেডিয়ামের আশপাশ অবরোধ করেছে। তাই আপাতত বাইরে যাওয়া সম্ভব নয়।”



