বাংলাদেশের হেভি মেটাল ঘরানার জনপ্রিয় ব্যান্ড ‘মেকানিক্স’-এর প্রতিষ্ঠাতা ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ বর্তমানে লড়ছেন খাদ্যনালির ক্যানসারের বিরুদ্ধে। তার চিকিৎসায় প্রয়োজন কেমোথেরাপি ও সার্জারি—যার খরচ অত্যন্ত ব্যয়বহুল। ইতোমধ্যে সামাজিকমাধ্যমে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন অনেক শুভানুধ্যায়ী।
এই চিকিৎসার খরচ সংগ্রহে এবার আয়োজন করা হচ্ছে এক বিশেষ কনসার্ট—‘কনসার্ট ফর ইমরান’। উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। কনসার্টটি অনুষ্ঠিত হবে ২৫ জুলাই, দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, টিএসসি অডিটরিয়ামে।
এই আয়োজনে পারফর্ম করবে মেকানিক্স, হাইওয়ে, সোনার বাংলা সার্কাস, পাওয়ারসার্জ, আপেক্ষিক, দুর্গ, রকসল্ট সহ আরও বেশ কয়েকটি ব্যান্ড।
আয়োজকদের এক বিবৃতিতে বলা হয়েছে, “ইমরানের চিকিৎসার জন্য প্রয়োজন বিশাল অঙ্কের অর্থ, যা তার পরিবারের পক্ষে বহন করা প্রায় অসম্ভব। এই কঠিন সময়ে ইমরান আমাদের সবার সহানুভূতি ও আর্থিক সহায়তা প্রত্যাশা করছেন। আমরা, সংগীতশিল্পীরা ও শুভানুধ্যায়ীরা, তার পাশে দাঁড়াতে চাই। আসুন, তার পথটিকে কিছুটা হলেও সহজ করার চেষ্টা করি।”
এটি শুধু একটি কনসার্ট নয়, বরং একটি মানবিক উদ্যোগ, যেখানে সুর ও সহমর্মিতা মিলেমিশে একসাথে দাঁড়াবে এক মেধাবী শিল্পীর পাশে।



