যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সম্প্রতি অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল ফাইন্যান্স কনফারেন্স ২০২৬’। অলাভজনক প্রতিষ্ঠান ‘ইন সার্চ অব রুট ফাউন্ডেশন’ (ISORF) আয়োজিত এই সম্মেলনে দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশে বিনিয়োগের বিশাল সম্ভাবনা ও স্থিতিশীল পরিবেশের কথা গুরুত্বের সাথে তুলে ধরা হয়। সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশের শক্তিশালী রিজার্ভ এবং নিয়ন্ত্রিত মূল্যস্ফীতির চিত্র তুলে ধরে বিনিয়োগকারীদের আশ্বস্ত করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ এশিয়ার মধ্যে বিনিয়োগ প্রবাহ বৃদ্ধির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞ আলোচনা অনুষ্ঠিত হয়। পাঠাও-এর প্রতিষ্ঠাতা হুসাইন এম.
এলিয়াসসহ অন্যান্য আলোচকরা বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো ও বৃহৎ বাজারকে নেপাল বা পাকিস্তানের তুলনায় বিনিয়োগের জন্য অধিক সুবিধাজনক হিসেবে উল্লেখ করেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যাংকিং এবং ফিনটেক খাতের সম্প্রসারণকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করা হয়।
সম্মেলনের সমাপনী পর্বে ‘যুক্তরাষ্ট্র–দক্ষিণ এশিয়া ডিজিটাল ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়। বিশেষ অবদানের জন্য বাংলাদেশের বিকাশ-এর প্রতিষ্ঠাতা কামাল কাদির এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। তরুণ উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ এই সম্মেলনকে আগামী প্রজন্মের নেতৃত্বের সাথে একটি কার্যকর সংযোগ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।



