২০২৬ সালের ব্যালন ডি’অরের লড়াই ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে নিজেকেই এবারের ব্যালন ডি’অর জয়ের যোগ্যতম দাবিদার হিসেবে মনে করছেন ১৮ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মোভিস্তার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এমন মতামত জানিয়েছেন ইয়ামাল। সাক্ষাৎকারটির পুরো অংশ আগামী শুক্রবার প্রচার হওয়ার কথা থাকলেও ক্রীড়াদৈনিক ‘স্পোর্ত’ ইতোমধ্যে তার বক্তব্যের কিছু অংশ প্রকাশ করেছে। সেখানে ব্যালন ডি’অর জয়ের দৌড় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন বার্সেলোনার এই উইঙ্গার।
ইয়ামাল মনে করেন, এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকায় তিনি ও এমবাপ্পে দুজনই এগিয়ে রয়েছেন। তবে এবারের ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে নিজের দাবিকেই সবচেয়ে শক্তিশালী বলে মনে করছেন তিনি। নিয়মিত ফুটবল দেখেন এমন দর্শকরাও তার পারফরম্যান্সের বিষয়টি বুঝতে পারবেন বলে মন্তব্য করেছেন ইয়ামাল।
এর কয়েকদিন আগেই ব্যালন ডি’অর নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন এমবাপ্পে। তার মতে, এই পুরস্কারের মূল বিবেচ্য হওয়া উচিত ব্যক্তিগত পারফরম্যান্স। দলীয় সাফল্যেরও ভূমিকা রয়েছে বলে স্বীকার করলেও শেষ পর্যন্ত এটি ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি বলেই মনে করেন ফরাসি তারকা। নিজের মৌসুমের পারফরম্যান্স নিয়েও আত্মবিশ্বাসী এমবাপ্পে এবং তিনি মনে করেন, এবারের পুরস্কার জয়ের দৌড়ে তিনি শক্ত অবস্থানে রয়েছেন।
দুজনের দাবির পেছনেও রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। ইয়ামালের ক্ষেত্রে স্পেনকে বিশ্বকাপ জেতানো এবং বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে। অন্যদিকে এমবাপ্পে বিশ্বকাপে দুর্দান্ত গোলের মাধ্যমে টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন অপেক্ষা, ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি শেষ পর্যন্ত কার হাতে ওঠে।
সূত্র: গোলডটকম।



