ঢালিউডে নতুন চমক! ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনয় করছেন ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামের একটি অ্যাকশনধর্মী সিনেমার প্রধান চরিত্রে। এখানে তিনি রূপদান করবেন নব্বই দশকের ঢাকার কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীর’ এর ভূমিকায়।
আর এ সিনেমাতেই নায়িকা হিসেবে দেখা যেতে পারে বলিউডের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে—যা নিয়ে ইতোমধ্যে শোবিজ অঙ্গনে উত্তেজনা ও গুঞ্জন তুঙ্গে।
বিশ্বস্ত সূত্রের দাবি, এ সিনেমায় প্রিয়াঙ্কার পাশাপাশি কলকাতার মধুমিতা সরকারকেও দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। শাকিব, মধুমিতা ও প্রিয়াঙ্কাকে একই পর্দায় দেখা গেলে, এটি নিঃসন্দেহে বাংলা সিনেমার ইতিহাসে এক বড়সড় মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা।
‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি নির্মিত হচ্ছে বাস্তব কাহিনিনির্ভর গল্পের ওপর। এটি ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত হবে। প্রযোজক শিরিন সুলতানা এবং গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। সিনেমাটির বাজেট বেশ বড়, আর সে কারণেই নির্মাতারা চাচ্ছেন বলিউড তারকা প্রিয়াঙ্কাকে যুক্ত করতে, যেন সিনেমাটি আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোড়ন তুলতে পারে।
তবে এখন পর্যন্ত প্রিয়াঙ্কা বা সিনেমা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি শুরু হতে পারে শুটিং। আর ২০২৬ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই প্রতীক্ষিত চলচ্চিত্রটি।
এ গুঞ্জন সত্যি হলে ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ হবে ঢালিউডের ইতিহাসে এক যুগান্তকারী সৃষ্টি, যা দেশি-বিদেশি সিনেমাপ্রেমীদের জন্য দেবে নতুন এক অভিজ্ঞতা।



