‘প্রবাসে থেকেও হৃদয়ে বাংলাদেশ’— এই চেতনা নিয়ে আগামী ১৯ ও ২০ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসতে যাচ্ছে প্রবাসী বাঙালিদের বহুল প্রতীক্ষিত বার্ষিক উৎসব ‘আনন্দ মেলা’। বিখ্যাত ‘লিটল বাংলাদেশ’ এলাকায় আয়োজিত এই দুই দিনব্যাপী উৎসব হয়ে উঠবে এক মহামিলনমেলা— যেখানে গান, নাচ, নাটক, ফ্যাশন ও বাঙালি সংস্কৃতির বাহারি আয়োজন অপেক্ষা করছে হাজারো দর্শকের জন্য।
প্রতি বছরের মতো এবারও মেলার মূল আকর্ষণ হয়ে থাকছে ঢাকা থেকে আগত একঝাঁক জনপ্রিয় তারকার সরব উপস্থিতি। মঞ্চ কাঁপাতে আসছেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, আর্নিক, আবু নাঈম, ইচ্ছা, চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান, অভিনেত্রী পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরে জাহান এবং নৃত্যশিল্পী আলিফ।
বিশেষ করে প্রথমবারের মতো আনন্দ মেলার মঞ্চে গান পরিবেশন করতে যাচ্ছেন জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান। তিনি বলেন,
“যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রবাসী আয়োজনে গান গাওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু আনন্দ মেলা শুধুমাত্র একটি কনসার্ট নয়— এটা যেন প্রবাসীদের সঙ্গে আত্মার এক বন্ধন, এক অন্যরকম অনুভূতির উৎসব।”
আনন্দ মেলার আয়োজক মুহাম্মদ আলী জানান,
“এটি একটি সম্পূর্ণ নন-প্রফিট আয়োজন, যার মূল লক্ষ্য হচ্ছে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে মিলন, সংস্কৃতি ও ঐতিহ্যের সংযোগ স্থাপন করা। ঢাকার তারকাদের সরব অংশগ্রহণ এবারের উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে।”
মেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী এবং প্রেসিডেন্ট শরীফ হাসিবুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন,
“এই উৎসব শুধুই বিনোদনের জন্য নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও আত্মিক বন্ধনের প্রতীক হিসেবেও বিবেচিত।”
এছাড়াও এবার আনন্দ মেলায় উপস্থিত থাকবেন স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, যার মধ্যে রয়েছেন লেক প্যারিস সিটির মেয়র মাইকেল ভার্গা এবং লস অ্যাঞ্জেলেস সিটির কাউন্সিলর হেদার হার্ট। এই আন্তর্জাতিক অংশগ্রহণ আনন্দ মেলাকে একটি বৈচিত্র্যপূর্ণ ও সর্বজনীন মঞ্চে পরিণত করবে, যা শুধু প্রবাসীদের নয়, বহুজাতিক দর্শকের কাছেও বাঙালি সংস্কৃতির গৌরবময় পরিচয় বহন করবে।



