আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের অধ্যায় শেষ বললেই চলে। বাংলাদেশি তারকার ব্যস্ততা বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। বর্তমানে সাকিব ব্যস্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। সিপিএল খেলার মাঝপথেই জানা গেল, যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগেও নাম লিখিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
টুর্নামেন্টটিতে আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন সাকিব। দলটির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাকিবের খেলা নিশ্চিত করা হয়েছে।
ফেসবুকে আটলান্টা ফায়ারের পোস্টে লেখা হয়েছে, “আমরা খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগের মৌসুমে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দেবেন। ব্যাটে–বলে একজন গেম–চেঞ্জার সাকিবের অতুলনীয় অভিজ্ঞতা, দক্ষতা আর তারকাখ্যাতি দলে যোগ হবে। আটলান্টায় তাঁর জাদু দেখতে তৈরি থাকুন।”
২০২১ সাল থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ। সেখানকার বড় প্রতিযোগিতা মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) জন্য এটি উন্নয়নমূলক লিগ এই মাইনর লিগ।
এর আগে বাংলাদেশের থেকে ২০২২ সালে যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলেছিলেন নাসির হোসেন। এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দেখা যাব সাকিব আল হাসানকে।
বর্তমানে সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন সাকিব। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা অলরাউন্ডার দলের প্রথম ম্যাচে অবশ্য ভালো করতে পারেননি। টুর্নামেন্টের শুরুর ম্যাচে ব্যাট করতে নেমে ১৬ বলে মাত্র ১১ রান করেছেন সাকিব।
এরপর বল হাতে স্রেফ এক ওভারে ছয় রান দিয়ে উইকেটশূন্য থাকেন বাংলাদেশি অলরাউন্ডার। এ ছাড়া তার দলও প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে।



