মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনিতে বিজয়ীর মুকুট উঠেছে সামানজার সাঈদের মাথায়। শনিবার (১১ জুলাই) রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এর মাধ্যমে তিনি আগামী ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছেন। আন্তর্জাতিক এই আয়োজন আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন শহরে শুরু হবে এবং এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।
‘বিউটি উইথ আ পারপাস’—মিস ওয়ার্ল্ডের এই মূলমন্ত্রকে সামনে রেখে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। তিনি বলেন, তরুণদের মডেলিং ও প্রেজেন্টিংয়ের মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্য নিয়েই ট্যালেন্ট ক্যাম্পের যাত্রা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে প্রতিষ্ঠানটি আরও বিস্তৃত হয়েছে এবং এর বিভিন্ন ব্যাচ থেকে উঠে আসা অনেকেই বর্তমানে সফলভাবে কাজ করছেন। এ সময় আয়োজনের সঙ্গে যুক্ত সকল সহযোগীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এবারের প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ ও ‘হালফ্যাশন’-এর কনসালট্যান্ট শেখ সাইফুর রহমান, ডেইলি স্টারের ‘স্টার লাইফস্টাইল’-এর সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ এফা তাবাসসুম। বিভিন্ন ধাপ পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতে সেরা পাঁচ প্রতিযোগী—আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ এবং স্বাগতা সাহা ঐশী অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে নিজেদের মেধা, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়ে বিচারকদের মন জয় করেন তারা।
শেষ পর্যন্ত সকল প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট জিতে নেন সামানজার সাঈদ। প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর। নতুন এই অর্জনের মাধ্যমে সামানজার এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি ও সম্ভাবনার প্রতিনিধিত্ব করতে প্রস্তুত।



