বাংলাদেশকে বাদ দিয়েই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। আগামীকাল থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে মাঠে গড়াচ্ছে এই বৈশ্বিক টুর্নামেন্ট, যেখানে অংশ নিচ্ছে মোট ২০টি দল। আসরে অনুষ্ঠিত হবে মোট ৫৫টি ম্যাচ। বাংলাদেশ দলের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে নতুন করে হালনাগাদ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার পেছনে ছিল নিরাপত্তা সংক্রান্ত জটিলতা। ভারতে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপর একই ধরনের নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারত গিয়ে বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানালেও আইসিসি সেই প্রস্তাব গ্রহণ করেনি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।
২০ দলকে চারটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওমান ও আয়ারল্যান্ড। স্কটল্যান্ড জায়গা পেয়েছে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। আর ‘ডি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।
গ্রুপ পর্ব শেষে সেরা দলগুলো খেলবে সুপার এইট পর্বে। এরপর দুইটি সেমিফাইনাল এবং ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন। আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৪ মার্চ এবং ফাইনাল গড়াবে ৮ মার্চ। ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন ভেন্যুতে ম্যাচগুলো আয়োজন করা হবে, বাংলাদেশ সময় অনুযায়ী সকাল, বিকাল ও সন্ধ্যায় খেলা শুরু হবে।
বাংলাদেশ দলের অনুপস্থিতি এবারের বিশ্বকাপে দক্ষিণ এশিয়ার ক্রিকেটপ্রেমীদের জন্য এক বড় হতাশা হলেও পরিবর্তিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা।



