বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে। ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে এবার কর্তৃপক্ষ প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রি-সিলেকশন) পুরোপুরি বাতিল করেছে। ফলে এখন থেকে শুধুমাত্র এক ধাপেই লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী ১০ জানুয়ারি এই চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার (২৫ অক্টোবর) ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল গণমাধ্যমকে এই পরিবর্তনের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ১৬ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা তিন সপ্তাহ বা তার কিছু বেশি সময় ধরে চলবে। আবেদনের সুনির্দিষ্ট সময়সীমা এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দ্রুতই বুয়েটের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ১০ জানুয়ারি চূড়ান্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
এদিকে, এবার এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক নিম্নমুখী হওয়ায় ভর্তি যোগ্যতার মানদণ্ড শিথিল হবে কি না—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক জলিল স্পষ্ট জানান যে আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আসছে না। তিনি মন্তব্য করেন, “ফল খারাপ হয়নি, এবার প্রকৃত ফল হয়েছে। যারা সত্যিকার মেধাবী, তারাই জিপিএ-৫ পেয়েছেন।” তাই আগের নিয়ম বহাল রেখে এইচএসসিতে পদার্থ, রসায়ন ও গণিত বিষয়ে আলাদাভাবে জিপিএ-৫ থাকার পূর্বশর্ত অপরিবর্তিত থাকছে।



