এরই মধ্যে ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতিতে তারা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচে মাঠে নামছে। সাধারণত এ সময়ে দুটি করে ম্যাচ খেলে থাকে দুই দল। তবে এবার ব্রাজিল দুটি ম্যাচ খেললেও আর্জেন্টিনা খেলবে একটি মাত্র ম্যাচ।
আর্জেন্টিনা ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশটির বিপক্ষে ঐতিহাসিক এক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। জানা গেছে, এই ম্যাচ আয়োজনের জন্য অ্যাঙ্গোলা সরকারের কাছ থেকে প্রায় ১৭০ কোটি টাকা নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যদিও ম্যাচটির পর ভারতে আরেকটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল মেসিদের, কিন্তু লজিস্টিক সমস্যা, স্টেডিয়াম প্রস্তুত না থাকা এবং ফিফার অনুমোদন না পাওয়ায় ভারত সফর বাতিল করেছে তারা।
অন্যদিকে, ব্রাজিল তাদের পূর্বনির্ধারিত ইউরোপ সফরের সূচি অনুযায়ী মাঠে নামবে। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ১৫ নভেম্বর সেনেগালের বিপক্ষে খেলবে সেলেসাওরা। এরপর ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে বছরের শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো—এই প্রীতি ম্যাচগুলো উপমহাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে না। এদিকে, একই সময় বাংলাদেশের জাতীয় ফুটবল দলও দুটি ম্যাচ খেলবে—একটি ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং অপরটি ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ।



