প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার। তবে এই উন্নয়ন অনেক সময় ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারকাদের অবয়ব নকল করে তৈরি করা হচ্ছে আপত্তিকর ছবি ও ভিডিও, যা ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ, সৃষ্টি হচ্ছে অপপ্রচার ও মানহানির। আর এই অন্যায়ের বিরুদ্ধে এবার মুখ খুলেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।
মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন সাদিয়া। সেখানে তিনি লেখেন, “কিছু কিছু পেজ আছে যারা সেলিব্রিটিদের এআই দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়। হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।”
সাদিয়া আরও বলেন, “সবচেয়ে অবাক লাগার বিষয় হলো—২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো ‘এআই’ চিনতে বা বুঝতে পারে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিও দেখে সেটাকে সত্যি ভেবে মন্তব্য করে। ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব এআই এডিটেড ছবি ও ভিডিওকে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে!”
ভক্ত ও অনুসারীদের উদ্দেশে সাদিয়া অনুরোধ জানিয়ে লেখেন, “আমার দর্শক ও অনুসারীদের প্রতি ছোট্ট একটা অনুরোধ—যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে অনুগ্রহ করে পোস্ট এবং পেজটি রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন। আমি অবশ্যই এই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেব। এরপর ওনারাই বিষয়টা দেখবেন।”



