সাহসী ও ব্যতিক্রমী ফ্যাশন স্টাইলের জন্য বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা উরফি জাভেদ এবার ফ্যাশনের জন্য নয়, বরং নিজের চেহারার আকস্মিক পরিবর্তনের কারণে আবারও ভাইরাল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, উরফির মুখ ও ঠোঁট অস্বাভাবিকভাবে ফোলা, যা দেখে ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। কেউ কেউ তার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার অনেকেই অ্যালার্জির আশঙ্কা করছেন।
ভাইরাল হওয়া ভিডিওগুলোতে আরও দেখা যায়, উরফির ঠোঁটে একাধিকবার ইনজেকশন দেওয়া হচ্ছে। দৃশ্যগুলো দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে এই হঠাৎ পরিবর্তনের পেছনের কারণ নিজেই ব্যাখ্যা করেছেন উরফি। তিনি জানান, তার মুখে আগে যেসব ফিলার ব্যবহার করা হয়েছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, তাই এখন সেগুলো অপসারণ করছেন। এ প্রক্রিয়া অত্যন্ত কষ্টকর ও যন্ত্রণাদায়ক বলেও সতর্ক করে দেন তিনি।
উরফি আগেই স্বীকার করেছিলেন যে তিনি ঠোঁটে ফিলার্স ও বোটক্স ব্যবহার করেছেন। এবার জানান, ভবিষ্যতে তিনি আবারও ফিলার নেবেন, তবে সূচ ব্যবহারের পরিবর্তে বিকল্প কোনো পদ্ধতি অনুসরণ করবেন। এর মধ্যেই আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় তার চোখ-মুখ ফুলে আছে, যা তিনি অ্যালার্জির কারণে হয়েছে বলে উল্লেখ করেন এবং চিকিৎসকের পরামর্শ চান।
উরফির এমন খোলামেলা স্বীকারোক্তি ও ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ তার সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ তার উপর অতিরিক্ত প্রক্রিয়াজাত রূপচর্চা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।



