মাইক্রোসফট উইন্ডোজ ১১-এ একের পর এক নতুন ও দরকারি ফিচার যোগ করছে। আগামী কয়েক মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। এর মধ্যেই সবচেয়ে আলোচনায় এসেছে নতুন ‘Shared Audio’ ফিচার—যার মাধ্যমে কোনো তার, স্প্লিটার বা অতিরিক্ত ডিভাইস ছাড়াই একই পিসিতে একসঙ্গে দুটি ওয়্যারলেস হেডফোন কানেক্ট করা যাবে।
এই Shared Audio ফিচার বিশেষভাবে কার্যকর হবে দুইজন মিলে একই স্ক্রিনে গেম খেলার সময় বা কাউকে বিরক্ত না করে একসঙ্গে সিনেমা দেখার ক্ষেত্রে। আগে এ ধরনের সুবিধা পেতে আলাদা অডিও স্প্লিটার বা কেবলের প্রয়োজন হতো। কিন্তু উইন্ডোজ ১১-এ Bluetooth Low Energy (LE Audio) প্রযুক্তি ব্যবহারের ফলে এখন খুব সহজেই দুটি ব্লুটুথ অডিও ডিভাইস একসঙ্গে কানেক্ট করা যাবে। এতে অডিও মান ভালো থাকবে এবং হেডফোনের ব্যাটারিও কম খরচ হবে।
তবে আপাতত এই ফিচার শুধুমাত্র প্রিমিয়াম Copilot+ PC—বিশেষ করে Snapdragon X চিপযুক্ত যেমন Surface Laptop—এসব ডিভাইসে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। যদিও ধারণা করা হচ্ছে, ভবিষ্যতের আপডেটে Bluetooth LE Audio সাপোর্ট থাকা আরও অনেক ডিভাইসেই এই সুবিধা যুক্ত করা হবে।
যাদের পিসি ফিচারটি সাপোর্ট করে, তারা Windows Insider Program-এ যোগ দিয়ে সর্বশেষ প্রিভিউ বিল্ড ইনস্টল করার পর Settings থেকে Shared Audio অপশন চালু করে দুটি ওয়্যারলেস হেডফোন সহজেই যুক্ত করতে পারবেন।
এ ছাড়া উইন্ডোজ ১১-এ পাওয়া একটি বড় সমস্যারও সমাধান আসছে। ‘Update and Shutdown’ নির্বাচন করলে পিসি শাটডাউন না হয়ে রিস্টার্ট হয়ে যাচ্ছিল—এ ভুলটি মাইক্রোসফট স্বীকার করেছে এবং জানিয়েছে নতুন প্রিভিউ বিল্ডে সমস্যা ঠিক করা হয়েছে। ভবিষ্যতে এই কমান্ড দিলে পিসি স্বাভাবিকভাবেই শাটডাউন হবে।



