পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ সংগীত আয়োজন নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে আয়োজন করা হয়েছে তারকাখচিত একটি ব্যান্ড শো, যা দুইটি পর্বে প্রচারিত হবে। প্রথম পর্বে থাকবে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ–এর একক পরিবেশনা ‘পথচলা’। এই পর্বে ব্যান্ডটি তাদের শ্রোতাপ্রিয় আটটি গান পরিবেশন করবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের নাম ‘রক কার্নিভাল’। এতে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড আর্ক, শুভযাত্রা, অবসকিউর এবং তরুণ। প্রতিটি ব্যান্ড দুটি করে গান পরিবেশন করবে। এই পর্বের প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ।
ঈদের বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রচারিত হবে এই ব্যান্ড শো। জনপ্রিয় ব্যান্ডগুলোর প্রাণবন্ত পরিবেশনা দর্শক-শ্রোতাদের ঈদের আনন্দঘন সন্ধ্যাকে আরও উচ্ছ্বাসময় করে তুলবে বলে আশা করছেন সংগীতপ্রেমীরা।



