মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে সোমবার (১৯ মে) টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে সবচেয়ে গুরুতর সংঘাত হিসেবে বিবেচিত এই যুদ্ধ বন্ধের উপায় নিয়ে দুই নেতা মতবিনিময় করেন।
হোয়াইট হাউস সূত্র জানায়, ট্রাম্প ওয়াশিংটন থেকে এবং পুতিন রাশিয়ার কৃষ্ণসাগরীয় রিসোর্ট শহর সোচি থেকে ফোনালাপে অংশ নেন। যুক্তরাষ্ট্রের মতে, যুদ্ধের অচলাবস্থা ভাঙা না গেলে দেশটিকে শেষ পর্যন্ত এটিকে ‘নিজেদের যুদ্ধ’ হিসেবে না দেখে মুখ ফিরিয়ে নিতে হতে পারে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেনে বিপুল সেনা পাঠান, যা ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে বিপজ্জনক সংঘাত হিসেবে দেখা হয়। ট্রাম্প বারবার এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছেন এবং তাঁর প্রশাসন এটিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ‘প্রক্সি যুদ্ধ’ হিসেবেই দেখছে।
ট্রাম্পের চাপের ফলেই গত সপ্তাহে ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা ২০২২ সালের পর প্রথমবারের মতো বৈঠকে বসেন। ইউরোপ ও ইউক্রেন দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানালে পুতিন সরাসরি আলোচনার প্রস্তাব দেন।



