বর্ষার মৌসুমে কলকাতায় বিয়ের সানাই বেজে উঠেছে, তবে সেটা বাস্তবে নয়, পর্দায়। আসছে নতুন কমেডি ওয়েব সিরিজ ‘বিবাহ অতঃপর’, যেখানে বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন এবং দুই পরিবারের বিরোধ হাস্যরসের মোড়কে তুলে ধরা হয়েছে।
ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ফ্রাইডে’-তে মুক্তি পেতে যাচ্ছে এই সিরিজটি। পরিচালনায় রয়েছেন সায়ন্তন মুখোপাধ্যায়। সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা যায় নবদম্পতি রাই ও ঋজুর বিয়ের পরের জটিলতা। রাই চরিত্রে অভিনয় করেছেন অরুণিমা ঘোষ এবং ঋজুর ভূমিকায় গৌরব চক্রবর্তী। এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধলেন এই দুই জনপ্রিয় অভিনেতা।
গল্প অনুযায়ী, মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা ঋজুর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে অভিজাত ঘরের মেয়ে রাইয়ের। তাদের প্রেমপরিণয় ঘটে বিয়েতে, কিন্তু সেখানেই শুরু হয় মূল নাটক। ভুল বোঝাবুঝির চেয়েও বড় সমস্যা হয়ে দাঁড়ায় দাশগুপ্ত ও মুখার্জি পরিবারের দ্বন্দ্ব। একপর্যায়ে তা গড়ায় আদালত পর্যন্ত, এমনকি বিচ্ছেদ অবধি চলে যায় রাই-ঋজুর সম্পর্ক।
তবে শেষ পর্যন্ত এই সম্পর্ক টিকবে কি না, নাকি পারিবারিক সংঘাতই ভেঙে দেবে তাদের দাম্পত্য জীবন—এই প্রশ্নের উত্তর মিলবে সিরিজটির মুক্তির পরেই।
২৫ জুলাই থেকে ‘বিবাহ অতঃপর’ স্ট্রিমিং হবে ‘ফ্রাইডে’ ওয়েব প্ল্যাটফর্মে। গৌরব-অরুণিমার রসায়ন, পারিবারিক দ্বন্দ্ব এবং হাস্যরসের মিশেলে এই সিরিজ ঘিরে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ বেড়েছে।



