চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা-আলজেরিয়ার আলোচিত ম্যাচে দর্শকদের সবচেয়ে বেশি নজর কেড়েছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। মুখে কালো মাস্ক পরে মাঠে নামায় তাঁর নিয়ে তৈরি হয় কৌতূহল। অনেকে মনে করেছেন এটি হয়তো কোনো স্টাইল বা ফ্যাশন, তবে বাস্তবে এর পেছনে রয়েছে গুরুতর চিকিৎসাজনিত কারণ।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত এপ্রিলের শেষ দিকে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলতে গিয়ে এক সংঘর্ষে চোয়াল ও থুতনিতে গুরুতর আঘাত পান লুকা জিদান। সেই দুর্ঘটনায় তাঁর মুখের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে। সাধারণত এমন চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় এবং অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। কিন্তু বিশ্বকাপে খেলার স্বপ্ন সামনে রেখে তিনি বড় ধরনের সার্জারি পিছিয়ে দেন।
চিকিৎসকদের পরামর্শে তাঁর জন্য বিশেষ কার্বন ফাইবারের সুরক্ষামূলক ফেস মাস্ক তৈরি করা হয়। মাস্কটি এমনভাবে নকশা করা হয়েছে, যাতে মুখে আবার আঘাত লাগলেও চাপ সরাসরি ক্ষতিগ্রস্ত চোয়ালে না গিয়ে পুরো মাস্কে ছড়িয়ে পড়ে। এতে ঝুঁকি কমিয়ে তিনি স্বাভাবিকভাবে খেলতে পারছেন।
লুকা জিদানের আলজেরিয়ার হয়ে খেলা নিয়েও রয়েছে বিশেষ আগ্রহ। ফ্রান্সে জন্ম নিলেও তাঁর পারিবারিক শিকড় আলজেরিয়ায়। দাদা-দাদির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তিনি পূর্বপুরুষের দেশকেই আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। তাই ভাঙা চোয়াল ও কালো মাস্ক নিয়েই তিনি এখন আলজেরিয়ার শেষ ভরসা হয়ে গোলপোস্ট আগলে দাঁড়িয়ে আছেন।



