সৌদি ফুটবলে আরও ইতিহাস গড়ার প্রত্যাশা নিয়ে আল নাসর ক্লাবের সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এই চুক্তির ফলে ২০২৭ সাল পর্যন্ত সৌদি প্রো লিগেই দেখা যাবে এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে।
চুক্তি স্বাক্ষরের পর রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘নতুন অধ্যায় শুরু। একই আবেগ, একই স্বপ্ন। চলুন আবারও ইতিহাস গড়ি একসঙ্গে।’ ৪০ বছর বয়সেও অবসর নয়, বরং আরও একবার নিজেকে প্রমাণের মঞ্চে হাজির হচ্ছেন তিনি।
চলতি মৌসুমের শেষ ম্যাচে আল-ফাতেহর বিপক্ষে মাঠে নেমে অনেকেই ভেবেছিলেন, সেটিই হয়তো ছিল রোনালদোর শেষ ম্যাচ আল নাসরের হয়ে। ক্লাবের ক্রীড়া পরিচালক ফার্নান্দো হিয়েরো তখন জানিয়েছিলেন, রোনালদোকে ধরে রাখার জন্য কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে রোনালদো নতুন করে চুক্তি করলেন, যা ভক্ত-সমর্থকদের জন্য এক বড় স্বস্তির খবর।
২০২২ সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই নতুন উদ্দীপনায় ফুটবল খেলছেন রোনালদো। গোল করার ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং তার উপস্থিতিতে সৌদি প্রো লিগের জনপ্রিয়তাও বিশ্বজুড়ে বেড়েছে।
আল নাসরের সমর্থকদের জন্য এটি যেমন আনন্দের খবর, তেমনি সৌদি ফুটবলের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী হলো রোনালদোর সিদ্ধান্তের মাধ্যমে। ২০২৭ সালে রোনালদোর বয়স হবে ৪২ বছর। তার আগে তিনি আর কত গোল করবেন, কত রেকর্ড গড়বেন—তা দেখার বিষয়। তবে একটি বিষয় নিশ্চিত, এই অধ্যায়ের মাধ্যমে ফুটবলের ইতিহাসে রোনালদোর নাম আরও উজ্জ্বলভাবে লেখা থাকবে।



