টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক কিছুটা জটিল অবস্থায় পড়েছিল। তবে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নতুন করে সেতু বানানোর আভাস মিলছিল। এবার মিলল বরফ গলার ইঙ্গিত। ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফর স্থগিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে ২০২৬ সালের সেপ্টেম্বরে নির্ধারিত আয়ারল্যান্ড সফরটি হচ্ছে না, বরং আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ভারতের বাংলাদেশ সফর।
বিসিবির এক কর্তা সংবাদমাধ্যম ক্রিকবাজকে জানান, সেপ্টেম্বরেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল। কিন্তু সেক্ষেত্রে ভারতের বিপক্ষে সিরিজ পিছিয়ে যেত। তাই আয়ারল্যান্ডকে বছরের অন্য কোনো সময়ে সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তাদের সূচি ঠাসা থাকায় সেই প্রস্তাবে সাড়া দেয়নি তারা। শেষ পর্যন্ত ভারত সিরিজকে অগ্রাধিকার দিয়ে আয়ারল্যান্ড সফর থেকে সরে আসে বিসিবি।
ভারত সিরিজটি হওয়ার কথা ছিল ২০২৫ সালে। তবে তখন রাজনৈতিক প্রেক্ষাপটে সফরটি স্থগিত হয়। দীর্ঘ প্রতীক্ষার পর সব ঠিক থাকলে আগামী ২৮ আগস্ট ঢাকায় পা রাখবে টিম ইন্ডিয়া। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজটি হবে আগামী সেপ্টেম্বরের শুরুতে। ওয়ানডে ম্যাচগুলো ১, ৩ ও ৬ সেপ্টেম্বর এবং টি-টোয়েন্টিগুলো ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সরকার বা ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত সফরের বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি।



