ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সিনেমা ‘দারুচিনি দ্বীপ’ আবারও বড় পর্দায় ফিরছে। ২০০৭ সালে মুক্তির পর সিনেমাটি তরুণ প্রজন্মের কাছে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। বড় পর্দার পাশাপাশি টেলিভিশনের দর্শকদের মাঝেও সমান জনপ্রিয়তা অর্জন করে সময়ের অন্যতম আলোচিত এই চলচ্চিত্র।
দীর্ঘদিন পর দর্শকদের জন্য আবারও বড় পর্দায় দেখার সুযোগ মিলছে তারকাবহুল এই সিনেমাটি। আজ শনিবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিনেস্কোপ প্রেক্ষাগৃহে দুপুর ১২টা ৩০ মিনিট, বিকেল ৩টা এবং সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে ‘দারুচিনি দ্বীপ’। সিনেস্কোপের নির্বাহী পরিচালক রবি জানান, আজ থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত একই সময়সূচিতে নিয়মিতভাবে সিনেমাটি প্রদর্শিত হবে।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে একই নামের এই চলচ্চিত্রটি পরিচালনা করেন তৌকীর আহমেদ। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হওয়ার পাশাপাশি সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন যথাক্রমে রিয়াজ ও জাকিয়া বারী মম।
একদল স্বপ্নবাজ তরুণ-তরুণীর বন্ধুত্ব, ভালোবাসা এবং সহজ-সরল পারিবারিক জীবনের নানা অনুভূতিপূর্ণ গল্প তুলে ধরা হয়েছে ‘দারুচিনি দ্বীপ’-এ। রিয়াজ ও মম ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, বিন্দু, ইমন, মুনমুন, মোশাররফ করিমসহ আরও অনেকে। সময় পেরিয়ে গেলেও গল্প, অভিনয় ও আবেগের কারণে আজও দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে আছে এই সিনেমাটি।



