আবারও বড় সংকটে পড়তে পারে ভারতীয় ফুটবল। মাত্র তিন বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিষেধাজ্ঞার মুখোমুখি হতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ইতোমধ্যেই ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) যৌথভাবে এআইএফএফকে কড়া সতর্কবার্তা দিয়েছে।
ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপ’ অবিলম্বে বন্ধ না হয় এবং ৩০ আগস্টের মধ্যে নতুন সংবিধান কার্যকর না করা হয়, তবে এআইএফএফকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। সংস্থার প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে পাঠানো চিঠিতে ফিফা ও এএফসি জানায়, ২০১৭ সাল থেকে এখনো সংবিধান সংশোধনের কাজ সম্পূর্ণ হয়নি। সুস্পষ্ট পরিকাঠামোর অভাবে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। তাই ৩০ অক্টোবরের মধ্যে সংবিধান সংশোধন করে সুপ্রিম কোর্টের অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সংবিধান সংশোধনের ক্ষেত্রে ফিফা ও এএফসির আইন ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো সরকারি সংস্থা বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই এআইএফএফকে স্বাধীনভাবে কাজ করতে হবে। এআইএফএফ-এর আসন্ন সাধারণ সভায় এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তির কথাও উল্লেখ রয়েছে।
বর্তমানে ফিফার পাঠানো এই চিঠি সুপ্রিম কোর্টে পাঠাবেন কল্যাণ চৌবে। পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রণালয়কেও অবহিত করা হবে। পরে সুপ্রিম কোর্টকে দ্রুত রায় দেওয়ার জন্য অনুরোধ করা হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ১৬ আগস্টও ফিফা ভারতীয় ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করেছিল। সে সময় সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসক কমিটি ফেডারেশনের কার্যক্রম চালাচ্ছিল, যা ফিফার দৃষ্টিতে ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপ’ হিসেবে ধরা হয়েছিল। তবে ১৫ দিনের মাথায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে সভাপতি হন কল্যাণ চৌবে।



