দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সময়ের পরিক্রমায় অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করলেও বিতর্ক যেন তাকে পিছু ছাড়ছে না। অনলাইন ফ্যাশন হাউজ ‘অ্যাপোনিয়া’র বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মামলা ঘিরে সমালোচনা শেষ না হতেই এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন সিনেমাটির প্রযোজক শরীফ খান। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে তিশা সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।
ফেসবুকে দেওয়া পোস্টে তিশা লেখেন, সিনেমাটি সাইন করার সময় চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ ছিল—ভিসা, বিমান টিকিট, থাকা–খাওয়াসহ বিদেশ ভ্রমণের সব দায়িত্ব পরিচালক ও প্রযোজকের। কিন্তু তারা ভিসা করাতে ব্যর্থ হন। ফলে শিডিউল অনুযায়ী কাজ শুরু করা সম্ভব হয়নি এবং নতুন একজনকে চুক্তিবদ্ধ করা হয়েছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই তিনি প্রকল্পটি থেকে সরে আসেন।
তিশার অভিযোগ, লাইন প্রডিউসার শরীফ একবার তাকে বলছেন এক-তৃতীয়াংশ টাকা ফেরত দিতে, আবার তার আইনজীবীকে বলছেন কিছু অংশ দিলেই হবে—এভাবে বিভিন্ন অজুহাতে বিভ্রান্তি ছড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। অথচ চুক্তিপত্রে ডিরেক্টরের ভুলের কারণে শিল্পীকে টাকা ফেরত দেওয়ার কোনো শর্ত নেই বলে দাবি করেন তিনি। তিশা আরও বলেন, আইনগতভাবে প্রমাণিত হলে আদালতের নির্দেশ অনুযায়ী তিনি টাকা ফেরত দিতে প্রস্তুত।
পোস্টের শেষে সাংবাদিকদের উদ্দেশে তিশা লেখেন, ‘যারা না জেনে বা ভুল তথ্য জেনে সংবাদ প্রকাশ করছেন এবং যারা সত্য প্রকাশে আগ্রহী—সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনারা সবটুকু জেনে সত্যটাই তুলে ধরবেন—এই প্রত্যাশা রাখি।’
বর্তমানে তানজিন তিশা ব্যস্ত সময় পার করছেন শাকিব খানের সঙ্গে তার নতুন সিনেমা ‘সোলজার’–এর কাজে। সাকিব ফাহাদ পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করছেন তৌকির আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তারিক আনাম খান প্রমুখ। সবকিছু ঠিক থাকলে ছবিটি ডিসেম্বরেই মুক্তি পেতে পারে বলে জানা গেছে।



