আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ভারতের কয়েকটি কট্টরপন্থী সংগঠনের টানা আন্দোলন এবং রাজনৈতিক চাপের মুখে শেষ পর্যন্ত মুস্তাফিজকে স্কোয়াড থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। মূলত বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতির অভিযোগ তুলে ভারতে মুস্তাফিজের খেলা নিয়ে বিতর্ক তৈরি হয়। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কেকেআর কর্তৃপক্ষকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশনা প্রদান করে। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কলকাতাকে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে কেকেআর কর্তৃপক্ষ মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানায়, বিসিসিআই-এর নির্দেশনা এবং অভ্যন্তরীণ আলোচনার পর তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে। উল্লেখ্য, মুস্তাফিজের অন্তর্ভুক্তি নিয়ে ভারতের বিতর্কিত আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এবং বিজেপি নেতা সঙ্গীত সোমের মতো ব্যক্তিরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। এমনকি দলটির মালিক শাহরুখ খানকেও এই ইস্যুতে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ক্রিকেটীয় দক্ষতার চেয়ে রাজনৈতিক ও সামাজিক চাপই মুস্তাফিজের আইপিএল ভাগ্য নির্ধারণ করে দিল।



