আড়াই কোটি টাকা প্রাইজমানির ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি)। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় থাকায় বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। এ প্রেক্ষাপটে দেশীয় ক্রিকেটার ও সমর্থকদের কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করে এই বিকল্প টুর্নামেন্ট, যার ফাইনালকে ঘিরে থাকছে বর্ণিল ও জমজমাট আয়োজন।
সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ফাইনালে মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশ ও নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দুর্বার একাদশ। মাঠের ২২ গজের লড়াইয়ের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ—আকাশে আতশবাজির প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বিনোদনমূলক আয়োজন। ফাইনাল ম্যাচকে ঘিরে ভিন্নমাত্রার উপস্থাপনায় যুক্ত হয়েছে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
মাঠজুড়ে টুর্নামেন্টের অফিসিয়াল ব্যানার ও গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাচ্ছে রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডিং। আয়োজকদের মতে, এসব উদ্যোগ মাঠের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি টুর্নামেন্টের প্রচার ও জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশের কসমেটিকস, স্কিনকেয়ার ও হোম কেয়ার পণ্যের শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠানের অধীনে রয়েছে লিলি, অরিক্স, নিওর, টাইলক্স, সানবিট, সিওডিলসহ দেশি-বিদেশি বহু জনপ্রিয় ব্র্যান্ড। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক দীর্ঘদিন ধরে খেলাধুলা, তারুণ্য ও ইতিবাচক সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে।
ফাইনাল ম্যাচটি মাঠে বসে দেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুবিধা—ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরা বিনামূল্যে খেলা উপভোগ করতে পারবেন। আর যারা টিকিট কেটে মাঠে প্রবেশ করবেন, তাদের জন্য রয়েছে মোটরসাইকেল জিতে নেওয়ার আকর্ষণীয় সুযোগ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি এবং টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে।



