দীর্ঘ আট মাসের বিরতি শেষে আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। প্রথম দিন এমভি বার আউলিয়া নামের একটি জাহাজ সাত শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করবে। সকাল ৭টায় জাহাজটি কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, ইতোমধ্যে ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে সাত শতাধিক টিকিট বিক্রি হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানও কালবেলাকে জানিয়েছেন, টিকিট সংগ্রহ করা পর্যটকদের নিয়ে বৃহস্পতিবার একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ বাহাদুর আরও জানান, প্রথম দিন এমভি বার আউলিয়া সাত শতাধিক যাত্রী নিয়ে দ্বীপটির উদ্দেশ্যে যাত্রা করবে। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর স্বপ্নের দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল আবারও শুরু হচ্ছে।
এর আগে বুধবার (৪ নভেম্বর) এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ—এই তিনটি জাহাজকে সেন্টমার্টিন রুটে চলাচলের অনুমোদন দেওয়া হয়।



