‘বিজয় বইমেলা ২০২৫’ আজ বাংলা একাডেমিতে উদ্বোধন হচ্ছে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও বিশিষ্ট নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, আজ বিকেল ৪টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে।
গতকাল মঙ্গলবার বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে বিজয় বইমেলা উদ্যাপন জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, একুশে পদকপ্রাপ্ত লেখক হাসনাত আবদুল হাই, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, এবং বাপুসের সভাপতি রেজাউল করিম বাদশা। এছাড়া বাপুসের পরিচালক আবুল বাসার ফিরোজ, মেলা আয়োজক কমিটির যুগ্ম সমন্বয়কারী রাজ্জাক রুবেল এবং সহসমন্বয়কারী কাউছার আহম্মেদ উপস্থিত ছিলেন।
বিজয় বইমেলা ১০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে। কর্মদিবসে মেলা দুপুর আড়াইটা থেকে রাত ৯টা পর্যন্ত, এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে। মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ছাড়াও প্রতিদিন বর্ধমান হাউস সংলগ্ন বিজয় মঞ্চে ‘যুক্তি-তক্কো-গপ্পো’ এবং বটতলার নজরুল মঞ্চে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’ শীর্ষক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন থাকবে।



